মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইউনিয়নের খোন্দকার পাড়ায় বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত রিয়াজ ওই এলাকার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন ও রাবেয়া খাতুনের ছেলে। তাদের মূল বাড়ি ভোলা জেলায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়ির পাশের একটি গাছে রিয়াজ উদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্বজনেরাই তাকে গাছ থেকে নামান। নিহতের বাবা মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। ওই মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি বাবার।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, নিহতের মা–বাবার দাবি রিয়াজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কারো প্রতি তাদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।














