মহেশখালীতে টমটম চাপায় স্কুলছাত্র নিহত

গাড়িতে আগুন, সড়ক অবরোধ

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে অদক্ষ চালকের বেপরোয়া গতির টমটম চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোরকঘাটা-জনতা বাজার প্রধান সড়কে হোয়ানক ইউনিয়নের বড়ছড়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আল মুবিন সাত্তার সিহাম (৭)। সে পূর্ব বড়ছড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র এবং হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গোরক ঘাটা-জনতা বাজার প্রধান সড়কে এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় নিহত শিশু সিহাম স্কুল থেকে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় বড় মহেশখালী এলাকার এক অদক্ষ টমটম চালক এক হাতে মোবাইল ধরে কথা বলতে বলতে অপর হাতে স্টিয়ারিং ধরে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে ফুটপাত ধরে হাঁটতে থাকা সিহামকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এ সময় গাড়িতে থাকা অপর শিশু যাত্রী প্রাঙ্গণ সুশীল (১১) সহ ২ জন আহত হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন। পরে গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপলি-কচুরিপানা জমে ৭ খাল ভরাট উভয় সংকটে আড়াই হাজার কৃষক
পরবর্তী নিবন্ধ‘অন্যায্য’ গৃহকর প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি