মহেশখালীতে ইজিবাইক (টমটম) উল্টে চাপা পড়ে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গোরকঘাটা–জনতা বাজার প্রধান সড়কের মিজ্জির পাড়া নামক স্থানে। নিহত যুবকের নাম মো. ফরহাদ (২৭)। তিনি উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকার পাড়া গ্রামের নুরুল হাসেমের পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিজ্জির পাড়া গ্রামের দোকানদার শিল্পী মঞ্জুর আলম জানান, ফরহাদ একটি ইজিবাইক যোগে চকরিয়া থেকে তরমুজ বোঝাই করে নিজ বাড়ি কুতুবজোম যাচ্ছিল। পথিমধ্যে আঁধার ঘোনা নামক স্থানে পৌঁছলে আচমকা ইজিবাইকের একটি চাকা খুলে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে তরমুজসহ ফরহাদের গায়ের উপর পড়ে। পথচারীরা তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, ফরহাদ মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারায়। তার বাবাও কর্মক্ষম ব্যক্তি নয়। তাই সে তরমুজ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। গতকাল তরমুজ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে নির্মমভাবে প্রাণ হারায়। পারিবারিক জীবনে ফরহাদ দুই সন্তানের জনক।












