চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলটি চুর্ণ–বিচুর্ণ হয়ে যায় এবং ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এর আগে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যায়। গতকাল শুক্রবার রাত আটটার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহতরা হলেন চকরিয়ার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন মর্মান্তিক এই দুর্ঘটনায় বাবা ও ছেলে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত আটটার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিঙ্গা বাজারে যাচ্ছিল মোটরসাইকেলে করে। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ওসি–চিরিঙ্গা হাইওয়ে থানা আরও জানান– দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।












