ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারকে নির্মম সরকার আখ্যা দিয়েছেন। গতকাল উত্তরাঞ্চলীয় আলিপুরদুয়ারে এক জনসভায় মোদী পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতি ও নারী নির্যাতনের সমালোচনা করেছেন। একই সঙ্গে পহেলগামের হামলা ও পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। খবর বিবিসি বাংলার।
পশ্চিমবঙ্গ এখন পাঁচটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তার ভাষণে বলেছেন মোদী। তার মতে, এগুলো হলো সমাজে হিংসা ও অরাজকতা চলছে, মা–বোনেরা এখানে অসুরক্ষিত, যুবকরা চাকরি না পেয়ে হতাশ, একই সঙ্গে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। এখানে ক্ষমতাসীন দল গরীব মানুষের প্রাপ্য ছিনিয়ে নেয় বলেও মন্তব্য করেন মি. মোদী। তিনি বলেন, এর ফলে হাজার হাজার শিক্ষক যে চাকরি হারিয়েছেন শুধু তাই নয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষকদের পরিবারগুলোকেও অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
আগামী বছর পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে। তার আগেই নরেন্দ্র মোদী তার ভাষণে বিজেপির প্রচারের মুড তৈরি করে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।










