মব সৃষ্টির ব্যাপারে কর্ণফুলীতে থাকবে জিরো টলারেন্স নীতি

আইনশৃঙ্খলা কমিটির সভায় সরওয়ার জামাল নিজাম

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, মাদক, চাঁদাবাজি এবং মব সৃষ্টির বিষয়ে কর্ণফুলীতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এসব বিষয়ে কেউ সুপারিশ করলে তাকেও আইনের আওতায় আনার জন্য কর্ণফুলী থানার ওসিকে নির্দেশ দিয়েছি।

গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের দুর্ভোগ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্বচ্ছতা, ন্যায়নীতি ও পরিচ্ছন্নতার মাধ্যমে দুর্নীতিমুক্তভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছর জনগণকে চুষে খাওয়া হয়েছে, কিন্তু এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। গত তিন মাস ধরে নির্বাচনী প্রচারণায় গিয়ে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের বেহাল চিত্র দেখেছি। দীর্ঘ ১৭ বছরে যে বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কর্ণফুলী একটি সম্ভাবনাময় উপজেলা এবং মহানগরীর পাশে হওয়ায় এর ভবিষ্যৎ উজ্জ্বল বলে তিনি মন্তব্য করেন। এ সময় উপজেলার রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এমপি সরওয়ার জামাল নিজাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেল মজুত ও অনিয়ম হাটহাজারীতে পেট্রোল পাম্পকে জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১