মনোনয়ন না পেয়ে ধানখেতে দাঁড়িয়ে বিএনপি নেতার ‘রিভিউ আবেদন’

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:২৮ পূর্বাহ্ণ

ফেনীর একটি সংসদীয় আসনে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণার পর সেটি পুনর্বিবেচনার জন্য ক্রিকেটীয় স্টাইলে ‘রিভিউ’ আবেদন করে আলোচনায় এসেছেন ফেনীর একজন বিএনপি নেতা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ ধানখেতে দাঁড়িয়ে মাথায় হ্যাট পরিহিত ওই নেতা ক্রিকেটে ধাঁচে রিভিউ আবেদন করছেন।

জেলা বিএনপির ওই নেতার নাম আলাল উদ্দিন আলাল এবং তিনি ফেনী জেলা বিএনপির সদস্যসচিব। বিএনপির রাজনীতিতে ফেনী জেলা দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার জেলা হিসেবে পরিচিত। আলাল নিজেই তার ‘রিভিউ আবেদনের’ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি জেনারেশন জেডের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে অহিংস পন্থায় মনোনয়ন পরিবর্তনের জন্য দলের হাইকমান্ডের কাছে রিভিউ আবেদন করেছি। খবর বিবিসি বাংলার।

আলাল অহিংস পন্থায় রিভিউ আবেদনের কথা বললেও দলের মনোনয়ন তালিকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস প্রতিবাদ হয়েছে এবং কিছু জায়গায় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরোধ তীব্র হয়েছে।

ঢাকায় দলের নেতারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রতিক্রিয়া কিংবা বিরোধিতার কথা চিন্তা করেই প্রার্থী তালিকা ঘোষণার সময় দল থেকে জানানো হয়েছে যে ওই তালিকায় যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রার্থিতা নিয়ে কোথাও কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করা হবে।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনীর তিনটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া (ফেনী), জয়নাল আবদীন (ফেনী) এবং আব্দুল আউয়াল মিন্টু (ফেনী)। জয়নাল আবদীন ছাড়াও আরো অন্তত ছয়জন ফেনী২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যার মধ্যে ছিলেন আলাল উদ্দিন আলালও। তালিকা ঘোষণার ছয় দিন পর ভিন্নধর্মী এক আবেদন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন আলাল।

ক্রিকেটের রিভিউ আবেদন স্টাইলে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার কারণ জানতে চাইলে তিনি বলেন, জেনারেশন জেড প্রজন্মকে মাথায় রেখেই এভাবে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছি। একসময় ক্রিকেট খেলতাম আর এখন জেনারেশন জেডরা আলোচনায়। সে কারণেই প্রচলিত পন্থার প্রতিবাদ পরিহার করে এভাবে প্রতিবাদ করলাম। আমি চাই আমাকে মনোনয়ন না দিলেও নতুন প্রজন্মের কাউকে দেওয়া হোক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিন্তু আমি চাই সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন বহিরাগত আটক
পরবর্তী নিবন্ধসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান