ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রামের ৯ বিএনপি নেত্রী। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এদিন চট্টগ্রামের নেত্রীরাসহ সারা দেশের ৫২ জন বিএনপি নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহকারী চট্টগ্রামের নেত্রীরা হচ্ছেন– চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ–সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী, উত্তর জেলা মহিলা দলের সাবেক সভাপতি এডভোকেট ফরিদা আক্তার, সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, নগর মহিলা দলের সহ–সভাপতি সুলতানা বেগম (আঁখি সুলতানা), নগর মহিলা দলের সহ–সভাপতি মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা), নগর মহিলা দলের দপ্তর সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, মাহমুদা আক্তার ও জিন্নাতুন নেছা জিনু।
এদিকে গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তপসিল অনুযায়ী আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল বিকেল চারটা। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল আবেদনের সময় ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের সংসদীয় মনোয়ন বোর্ড বা স্থায়ী কমিটির সভায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি করবে দল। তবে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তিনি বিনা ভোটেই নির্বাচিত হবেন। কারণ দল ও জোটের বরাদ্দ পাওয়া আসনের সমান প্রার্থী হলে আর ভোটের প্রয়োজন হয় না।
ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৫০ আসনের মধ্যে বিএনপি জেটের জন্য বরাদ্দ করা হয় ৩৬ আসন। এদিকে বিএনপির ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বরাদ্দকৃত ৩৬ আসনের মধ্যে প্রাথমিকভাবে চট্টগ্রাম থেকে ২টি সংরক্ষিত আসনের বিপরীতে দলীয় মনোনয়ন দেয়ার পরিকল্পনা আছে।














