মনের অমলিন জ্যোতি

শিউলি বড়ুয়া | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

বহু জন্ম ধরে,

স্বপ্নের ঝাপসা ভীড়ে,

তাঁকে তুলিতে একবার এঁকেছিলাম।

অনন্তকাল ধরে খুঁজেছিলাম

হঠাৎ পথের প্রান্তরে একদিন

তাঁর সাথে মিলে অমিলে

পেয়েছি গোলাপি গোলাপের মতো

একগুচ্ছ ভালোবাসা।

সে তো হাজার কল্প ধরে

অপেক্ষায় ফোঁটা এক ফুল

লাবণ্যে ভরা।

চন্দ্রহীনেও জোছনাময়

তাঁকে তুলতে গিয়ে কাঁটা বিদ্ধ হয়েছি

রক্তাক্ত হয়েছি

মেখেছি জমাট কলঙ্ক।

সেই চোখ, সেই অনিমেষ চাহনি

সেই মন, অবিকল সেই মনের কথা

ঝর্ণার মতো চঞ্চল

তবুও চাঁপা নীরবতা।

উত্তাল সমুদ্রের উচ্ছ্বাস

অথচ শব্দহীন হাসি।

কী সুন্দর স্বর্গীয় প্রেমময়

সে তো মনের মায়া নয়।

সে তো মনের অমলিন জ্যোতি।

পূর্ববর্তী নিবন্ধসন্তানকে মাদকমুক্ত রাখতে পরিবারের সদস্যদের সচেতনতা জরুরি
পরবর্তী নিবন্ধসত্য, সততা ও চিরন্তন