মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম থেকে আরো ৭ ফ্লাইট বাতিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান। স্থগিত করা রুটগুলো হলো দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েত। গতকাল মঙ্গলবার বিকালে বিমানের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এসব রুটের যাত্রীদের বিমানের যেকোনো বিক্রয়কেন্দ্র বা ট্র্যাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা ১৩৬৩৬, +৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরেও যোগাযোগ করতে পারবেন যাত্রীরা। বার্তায় বলা হয়েছে, বিমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর গতকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের ১৪৭টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। সরকারের পক্ষ থেকে তাদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা চলছে বলে বিডিনিউজ জানিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাব এসে পড়েছে চট্টগ্রামের আকাশপথে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে যুদ্ধকালীন চট্টগ্রাম থেকে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। গতকাল সকালে এসব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্য থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যগামী ইউএসবাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার এবং একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ও দুটি অ্যারাইভাল ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি০৪১ গতকাল সকাল ৮টা ৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারলাইন্সের ওভি৪০২ ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৩৮ ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরো পরিবর্তন আসতে পারে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও বিমানবন্দর কার্যক্রম আংশিকভাবে স্থগিত থাকায় প্রবাসী যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধদ্বিতীয় হিজরির শাবান মাসে রোজার বিধান দেওয়া হয়