মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেও থেমে নেই সিগারেটের চোরাচালান

শাহ আমানতে সাড়ে ১৮ লাখ টাকার ৯৩০ কার্টন জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেও থেমে নেই সিগারেটের চোরাচালান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার ৯৩০ কার্টন সিগারেটের একটি চালান জব্দ করা হয়েছে। তিনজন যাত্রী মধ্যপ্রাচ্য থেকে আসার সময় লাগেজে ভরে এই সিগারেট নিয়ে আসেন। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের অভিযানে উক্ত সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৬০টি গৌরি ক্রিম ধরা পড়ে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১২টা নাগাদ আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি১২৮ অবতরণের পর সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩০ কার্টন সিগারেট এবং ৬০ পিস আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম উদ্ধার করা হয়। আটক যাত্রীরা হলেন কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ ও কঙবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা।

উদ্ধারকৃত সিগারেটের বিপরীতে প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাস্টমস জানায়, জব্দকৃত পণ্যসমূহ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে জড়িত তিন যাত্রীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরো জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা এবং অন্যান্য সংস্থার সমন্বিত তৎপরতার ফলে এ ধরনের অবৈধ চালান শনাক্ত ও জব্দ করা সম্ভব হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমার্চে সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি
পরবর্তী নিবন্ধএকই বিষয়ে ৫ বার ফেল, শিক্ষকের রোষাণলে মেডিকেল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ