মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে হামলা না হলে সেখানে পাল্টা হামলা হবে না : ইরান

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের দিকে হামলা না হলে সেসব দেশে পাল্টা হামলা স্থগিত রাখার একটি প্রস্তাব তাদের অস্থায়ী নেতৃত্ব পরিষদ অনুমোদন করেছে। এর ফলে প্রতিবেশী দেশগুলোর ওপর তেহরানের হামলা বন্ধ হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

গত শনিবার শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করার পর তার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মারা শুরু করে। এ নিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়তে বাড়তে মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর শনিবার পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের এ ঘোষণা দিলেন। যে অস্থায়ী নেতৃত্ব পরিষদ এ সিদ্ধান্ত নিল, সে পরিষদে পেজেশকিয়ানও আছেন।

গত কয়েক দিনে প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর জন্য তাদের কাছে তিনি দুঃখও প্রকাশ করেছেন। দ্বিতীয় সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধ এখন কৌশলগতভাবে নতুন মাত্রার দিকে অগ্রসর হচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ইরানের পাশাপাশি ইসরায়েল লেবাননেও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ওয়াশিংটন ও তেল আবিব কুর্দি বিদ্রোহীদের দিয়ে ইরানের সীমান্তের কিছু এলাকা দখল করানোরও চেষ্টা করছে বলে খবর বেরিয়েছে।

এদিকে একাধিক মার্কিন গণমাধ্যম বলেছে, চীন ও রাশিয়া এখন ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এসবের মধ্যেই বেশ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে বলে শুক্রবার জানিয়েছিলেন পেজেশকিয়ান। তবে কোন কোন দেশ এ প্রচেষ্টায় আছে, তাদের নাম বলেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধসংঘাতের মধ্যে কাতার থেকে এলএনজিবাহী ট্যাংকারের বাংলাদেশের পথে যাত্রা
পরবর্তী নিবন্ধসৈকতে দোকানের নকশা এমনভাবে করতে হবে যাতে প্রাকৃতিক দৃশ্য আড়াল না হয়