মদ খাইয়ে প্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়ন, ২০ হাজার টাকায় ‘সমাধান’

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাঙামাটিতে এক প্রতিবন্ধী কিশোরকে (১৫) যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। গত বৃস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গত শনিবার সামাজিকভাবে এক সালিশী বৈঠকের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় বলে জানা যায়।

বলাৎকারের ঘটনায় অভিযুক্ত সুবল বড়ুয়া (৫০) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করেন।

স্থানীয়রা জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভিকটিমকে অভিযুক্ত ব্যক্তি তার ঘরে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। গত শনিবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক সালিশী বৈঠকের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করে সমাধান করা হয়। সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা বলেন, ২৬ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে তার ঘরে নিয়ে গিয়ে মদ খাইয়ে দিয়ে বলাৎকার করেছে। শনিবার উভয়পক্ষের পরিবারে লোকজন ও জনপ্রতিনিধের নিয়ে সামাজিকভাবে এক সালিশ করা হয়। সালিশে অভিযুক্ত ব্যক্তি ঘটনার বিষয়টি স্বীকার করেছে এবং তার পরিবারের লোকজন ক্ষমা চেয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ভিকটিমের চিকিৎসা খরচের জন্য ২০ হাজার টাকার একটা চুক্তি করে দেয়া হয়েছে। সালিশে আমি নিজেও উপস্থিত ছিলাম।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

পূর্ববর্তী নিবন্ধআয়াতুল্লাহ আলি খামেনি নিহত
পরবর্তী নিবন্ধঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী৭৪ ফ্লাইট বাতিল