মণিপুর নিয়ে উত্তাল ভারতের পার্লামেন্ট অধিবেশন পণ্ড

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

ভারতে মণিপুর রাজ্যের পরিস্থিতি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে আলোচনার দাবিতে উত্তাল পার্লামেন্টে গতকাল সোমবার তৃতীয় দিনের মতো অধিবেশন মুলতবি হয়েছে। বিবিসি জানায়, ক্ষুব্ধ এমপিরা প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং চিৎকার করে স্লোগান দিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন ভন্ডুল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তা করতে না দেওয়ার জন্য তিনি বিরোধীদলকে দোষারোপ করেন। খবর বিডিনিউজের।

ওদিকে, প্রতিবাদী এমপিরা সমস্বরে অধিবেশনের সব কাজ বন্ধ রেখে মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এ বিষয়ে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান। হইহট্টগোলের জেরে আজ মঙ্গলবার পর্যন্ত নিম্নকক্ষ লোকসভার অধিবেশন মুলতবি করেন স্পিকার ওম বিড়লা। উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনও শুরু হতেই মণিপুর নিয়ে বিরোধীদের বিক্ষোভে অধিবেশন পণ্ড হয়। গতকাল পার্লামেন্টের অধিবেশন শুরুর আগেই বিরোধীদলগুলোর জোট ‘ইন্ডিয়া’ মণিপুর পরিস্থিতি নিয়ে বিক্ষোভ করে। পাল্টা বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিরাও। বিরোধীদলগুলোকে চাপে রাখতে এদিন তাদের শাসিত রাজস্থান ও পশ্চিমবঙ্গে নারী নির্যাতন নিয়ে পার্লামেন্ট ভবনের বাইরে সরব হন বিজেপি এমপিরা। এরপরই মণিপুর নিয়ে পার্লামেন্ট ভবন চত্ত্বরে শাসক জোটের পাল্টা বিক্ষোভে নামে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলো। মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতার বিরুদ্ধে সরব হয় তারা। সেইসঙ্গে মণিপুর নিয়ে আলোচনার দাবিতে পার্লামেন্টের দুই কক্ষে মুলতবি প্রস্তাবও দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৬৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকম্বোডিয়ায় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, সহায়তা বন্ধ