মক্কায় সড়ক দুর্ঘটনায় পটিয়ার প্রবাসীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১৪ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান (৬৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মফিজুর পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তারাবি নামাজ পড়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মফিজুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়। গত ৪৫ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

মফিজুরের বড় ছেলে তারেকুর রহমান জানান, তার বাবা মৃত্যুর আগে নিয়োগকর্তার (কফিল) কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন মৃত্যু হলে তাকে মক্কাতেই দাফন করা হয়। বাবার সেই শেষ ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবার (আজ) মক্কা নগরীতেই তার দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তারেকুর আরও জানান, দাফনের আগে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের শেষবারের মতো তার মুখ দেখানোর ব্যবস্থা করা হবে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সর্বশেষ ২০০৯ সালে সৌদি আরবে গিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর নোয়াখালী পেশাজীবী সমিতি চট্টগ্রামের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধি দল