নগরীর নিউ মার্কেট মোড়ে কামাল হোসেন (৪৩) নামের এক ব্যক্তি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তখন ঈদের বাজারের জন্য ওই এলাকায় অনেক লোক সমাগম ছিল।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নূরে আল মাহমুদ বলেন, খালি গায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের পাশে আনারস বিক্রেতার ভ্যান গাড়ি থেকে ছুরি নিয়ে নিজের গলায় চালিয়ে দেন। এসময় তার সাথে কেউ ছিলেন না। পুলিশ তাকে উদ্ধার করে অজ্ঞাত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যদের সন্ধান করে পাওয়া যায়। রাতে ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান কোতোয়ালী থানার এসআই নাঈম রহমান।
এ ব্যাপারে এসআই নাঈম বলেন, লোকটি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তার বড় ভাইও সেটি জানালেন। বিভিন্ন সময়ে মাদক সেবনও করতেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।












