ভোট পরবর্তী সহিংসতা বন্ধে পদক্ষেপের আশ্বাস বিএনপির : আখতার

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরফে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি তোলা হলে বিএনপির তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার কথা বলেছেন আখতার হোসেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাতের আলোচনা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন আখতার। গতকাল রোববার রাতে নাহিদের বেইলি রোডের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। সেখানে রাজনীতি, গণ অভ্যুত্থান, সংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ওই সাক্ষাৎ শেষে তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার। তিনি বলেন, সৌজন্যবোধ থেকেই তার দলের আহ্বায়কের বাসায় এসেছেন বিএনপি চেয়ারম্যান। আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি পরিবর্তনের ইঙ্গিত। খবর বিডিনিউজের।

সাক্ষাতের পর ব্রিফিংয়ে আখতার বলেন, রাজনৈতিক মতভিন্নতার পরও কীভাবে এর বাইরে গিয়ে একত্রে দেশের জন্য কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। যদিও কয়েকটি আসনের নির্বাচনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন রয়েছে। এরপরও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে সাক্ষাতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সাধুবাদ জানাই। তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে। কিন্তু দেশের প্রশ্নে সব রাজনৈতিক দল একত্রিত থেকে বাংলাদেশের প্রশ্নে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে। সেটাই আমাদের প্রত্যাশার জায়গা।

এছাড়া ২৪ এর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিষয়েও করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক সরকারে এনসিপি থাকবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধআজ বলয়গ্রাস সূর্যগ্রহণ
পরবর্তী নিবন্ধধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়