জুলাই গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এবার প্রত্যেক ভোটার পাবেন দুটি ব্যালট পেপার। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা, যাতে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের, তাতে থাকবে ‘হ্যাঁ’ ও ‘না’।
ভোট দিতে যেতে যা করণীয় : ১. ভোটের আগে আপনার ভোটার নম্বর, ভোটকেন্দ্র ও ক্রমিক নম্বর জেনে নিন। ২. ভোটার নম্বর ও প্রয়োজনীয় তথ্য জানতে ১০৫ নম্বরে কল করুন। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমেও এসব তথ্য মিলবে। ৩. ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভোটার নম্বর সঙ্গে রাখুন বা ভোটার স্লিপ সংগ্রহ করতে পারেন। ৪. ভোটের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ৫. ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের লাইনে দাঁড়াতে হবে। ৬. আপনার পালা এলে ভোটগ্রহণ কর্মকর্তা ভোটার হিসেবে শনাক্ত করবেন। ৭. ভোটারের বাম হাতে বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালির চিহ্ন দেওয়া হবে। ৮. এবারের নির্বাচনে দুটি ব্যালট পেপার দেওয়া হবে। ৯. সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার থাকবে। ১০. ব্যালট পেপারে অফিসিয়াল সিল ও সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর থাকবে। এরপর গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হবে। ১১. পছন্দের প্রার্থীর প্রতীকের ঘরে নির্ধারিত সিল দিতে হবে। সিল দেওয়ার পর সিলের কালি যাতে অন্য প্রতীকের ঘরে না লাগে সেভাবে ভাঁজ করতে হবে। এজন্য সিল দেওয়া প্রতীকের মাঝামাঝি ভাঁজ দিয়ে ব্যালট বাক্সে দুটি ব্যালট ফেলতে হবে।











