ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়। এর আগে সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঈদ মোবারক। খবর বাংলানিউজের।
গতকাল নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন–সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব– এ সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা–কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এ বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই– চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে জনগণই সব ক্ষমতার উৎস। ৭ম পৃষ্ঠার ২য় কলাম
আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাবো। তিনি বলেন, এ নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। তিনি বলেন, এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। এ ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এ অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি।
প্রধান উপদেষ্টার ভোট : গতকাল সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট প্রদানের অনুভূতি জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ঈদ মোবারক। ভোট দেওয়ার সময় প্রধান উপদেষ্টাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।
ভোট দানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুহাম্মদ ইউনূস বলেছেন, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেসবকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা। সারাদিনব্যাপী জাতির সবাই মিলে উৎসব করি।
প্রধান উপদেষ্টা যোগ করেন, নিশ্চিতভাবে গণভোটটা দিন। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য। যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোটদানের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, খুব ভালো লাগল, এটা আমার জীবনের মহা আনন্দের দিন। এবং বাংলাদেশের সবার ক্ষেত্রে এটা মহাআনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান। নতুন স্বপ্নের শুরু। আজকের এই প্রক্রিয়ায়। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ঈদ মোবারক।












