চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড এবং চসিক ৯–১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, ধানের শীষ প্রতীক হলো গণতন্ত্রের, এই ধানের শীষ প্রতীক হলো গরিব, দুঃখী মানুষের, কৃষক, শ্রমিক, সবজি বিক্রেতা, ঠেলাগাড়ি ওয়ালা, জেলে পাড়া থেকে শুরু করে সাধারণ সকল স্তরের মানুষের প্রতীক। সুতরাং ১২ তারিখ ভোট কেন্দ্রে থাকতে হবে, ভোট দিতে হবে এবং সকাল থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।
তিনি গত সোমবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীতাকুণ্ড পৌরসদরে আয়োজিত নির্বাচনী গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন,বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি। স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাংখা এই দুইটাকে প্রতিষ্ঠিত করে সামনের দিনগুলোতে বাংলাদেশকে উন্নয়নের কোনধাপে নিয়ে যাবে সে পরিকল্পনা নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মো. সুজা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন, ডা. কমল কদর, কাজী মো. মহিউদ্দিন, জহরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, ছাত্রদল কোরবান আলী শাহেদ প্রমুখ।












