ভোট উৎসবে ক্রীড়াঙ্গনের তারকারা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। উৎসবমুখর পরিবেশে চলেছে এই ভোট উৎসব। আর এই ভোট উৎসবে যোগ দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা খেলোয়াড়রাও। তাদের মধ্যে ছিল বর্তমান ও সাবেক তারকারা। কারো কাছে এটি জীবনের প্রথম ভোট, আবার কারো কাছে বিগত সময়ের চেয়ে অনেক উৎসবমুখর। নিজ এলাকা ফেনী থেকে ভোট দেন ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের ফেসবুক পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, ‘অবশেষে ভোট দিলাম যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি,নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব।

ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত এই দুটো একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।’ অনেক খেলোয়াড়ই দিয়েছেন নিজের জীবনের প্রথম ভোট। মাহমুদুল হাসান জয়ও দিয়েছেন নিজের প্রথম ভোট। ইনজুরির কারণে অদম্য কাপের ফাইনাল থেকে ছিটকে যান জয়। এরপর গতকাল হাতে ব্যান্ডেজ নিয়েই ভোট দিয়েছেন। জীবনের প্রথম ভোট দিয়ে আনন্দিত জাতীয় দলের ব্যাটার মাহমুদুল হাসান জয় ফেসবুকে লিখেছেন, ‘দিয়ে আসলাম, জীবনের প্রথম ভোট।’ রংপুর নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। নিজ এলাকার মানুষদের সাথে ভোট দেওয়ার ছবি আপলোড করেছেন তিনি। ছবির ক্যাপশনে আকবর লিখেছেন, ‘প্রথম ভোট।’ এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।

নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি। ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তোলা ছবি ফেসবুকে দিয়েছেন সোহান। ছবির ক্যাপশনে সোহান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার ভোট দিলাম।’ প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও। জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ভোট দিতে নিজ জেলা ফরিদপুরে যান। ফরিদপুর৪ আসনের ভোটার মোরসালিনের ভোট কেন্দ্র ছিল আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। মোরসালিন উৎসবমুখর পরিবেশই দেখেছেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। তেমন সময় লাগেনি ভোট দিতে।’ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও ফরিদপুরের ভোটার। তিনিও প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তার অবশ্য আসন ফরিদপুর৩। এশিয়ান গেমসের বাছাইয়ের জন্য জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হয়েছে। খেলোয়াড়, কোচরা যেন ভোট দিতে পারেন এজন্য ক্যাম্প ছুটি দিয়েছে ফেডারেশন। হকি খেলোয়াড়রা ভোট দেয়ার সুযোগ পেলেও ঋতুপর্ণারা পারেননি। নারী ফুটবল লিগে আগামীকাল(আজ) শেষ রাউন্ডের ম্যাচ। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই ঋতুপর্ণাদের রাজশাহী চ্যাম্পিয়ন হবে। তাই নারী ফুটবলাররা প্রায় সবাই ক্যাম্পে থাকায় ভোট দিতে পারেননি। জাতীয় দল ও লিগের বাইরে থাকায় সাবিনা, মাসুরারা অবশ্য ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এবারই প্রথম ভোট দিয়েছেন। খিলগাওয়ের বাসিন্দা নোশিনের ভোট কেন্দ্র খিলগাও মডেল স্কুল। দুপুরের দিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবে, ‘প্রথম সব কিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি তাই একটু রোমাঞ্চিত।’ বর্তমান ও সাবেক হকি খেলোয়াড়দের অনেকের ভোট কেন্দ্রও আরমানিটোলা স্কুল। সাবেক তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেন, ‘আমি, নাইম, হাবুলসহ হকির অনেকেরই ভোট কেন্দ্র আরমানিটোলা স্কুল। সুন্দর পরিবেশেই ভোট দিতে পেরেছি।’ সাবেক তারকা ফুটবলার ও মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব ভোট দিয়েছেন বাড্ডায়। বিগত সময়ের চেয়ে এবার ভোট তার কাছে ভিন্নতা লেগেছে, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে।

সবার মধ্যেই উৎসবের আমেজ। আনন্দঘন পরিবেশের মধ্যে নির্বিঘ্নে ভোট প্রদান করেছি।’ ঢাকা৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভোট দেওয়ার ছবি আপলোড করে ফেসবুকে আশরাফুল লিখেছেন, ‘সন্তানকে সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।’ জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন। এদিকে নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার। সঙ্গে ছিল তার পরিবারও। সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহসভাপতি ফারুক আহমেদ ভোট প্রসঙ্গে বলেন, ‘অভূতপূর্ব মানে সত্যিই অবিশ্বাস্য। আমি সর্বশেষ ২০০৮ সালে ভোট দিয়েছিলাম, প্রায় ১৭ বছর আগে। এবার এত শান্তিপূর্ণ পরিবেশ, কোনো উচ্চবাচ্য নেই। মানুষ সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, কেউ বিরক্ত হচ্ছে না। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা অনেকদিন দেখিনি। আমি এবং আমার পরিবার ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুবই খুশি। আশা করছি, দিনশেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আমিনুল বলেন, দীর্ঘ সময় পর মানুষ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। তার মতে, আগের কয়েক বছরের তুলনায় এবার ভোটারদের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা অনেক বেশি। ভোট দিয়েছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমানও। ফেসবুকে এই ডানহাতি ব্যাটার লিখেছেন, ‘আমার ভোটটা কিন্তু দিয়ে দিলাম।’

পূর্ববর্তী নিবন্ধপিএসএলে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা
পরবর্তী নিবন্ধপিএসএলের দামি ১০ ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ