ভোটের ফল মিলবে কখন?

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে নানা আলোচনা চলছে। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এবার যে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হবে তা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ইসি।

সংস্থাটি আশা করছে, ভোটগ্রহণের পরদিন শুক্রবার (কাল) সকালে ফল প্রকাশ করা যাবে। যদিও সাবেক নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পূর্ণাঙ্গ ফল মিলতে শুক্রবার বিকাল লেগে পর্যন্ত লেগে যেতে পারে। এবার সংসদ ও গণভোট একসাথে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনই পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। খবর বিডিনিউজের।

কেন্দ্রে ফল দেওয়ার পর আসনভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা আসবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে আমরা আশা করছি। শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নাই। প্রতিটা ব্যালট গণনা হবে। ভোট ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধভোট দেবেন কীভাবে?
পরবর্তী নিবন্ধসবাইকে ভোট দেওয়ার, ফল মেনে নেওয়ার আহ্বান