ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে জর্জিয়াতেও অভিযুক্ত ট্রাম্প

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। জর্জিয়ার ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসের আনা অভিযোগে ট্রাম্প ও তার ১৮ সহযোগীকে সোমবার অভিযুক্ত করেছেন জর্জিয়ার এক গ্রান্ড জুরি। চার মাসের মধ্যে চতুর্থবার ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে আছেন। খবর বিডিনিউজের।

৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে আনা ৪১টি ফৌজদারি অভিযোগের মধ্যে অসাধু ও প্রতারণামূলক ফন্দিফিকিরের অভিযোগও আছে। মামলার ১৯ বিবাদীর সবাই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগটি সাধারণত সংগঠিত অপরাধী দলগুলোর সদস্যদের অভিযুক্ত করতে ব্যবহার করা হয় আর এর সর্বোচ্চ সাজা ২০ বছরের কারাদণ্ড। অভিযুক্ত অন্যদের মধ্যে আছেন হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডৌস এবং ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং জন ইস্টম্যান।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযোগপত্রে অভিযুক্ত ট্রাম্প ও অন্যান্য বিবাদীরা ট্রাম্প (নির্বাচনে) হেরেছেন তা মেনে নিতে অস্বীকার করে সজ্ঞানে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল অবৈধভাবে ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যারা অভিযুক্ত হয়েছেন তাদের আইনজীবীদের অনেকে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আর অন্যরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

মামলার মূল অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২ জানুয়ারী এক ফোন কলে ট্রাম্প জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা ব্রাড রাফেন্সপারগারকে অঙ্গরাজ্যে তার অল্প ব্যবধানে পরাজয়কে পাল্টে দিতে পর্যাপ্ত ভোট খোঁজার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু রাফেন্সপারগার তা করতে অস্বীকার করেন। এর চার দিন পর মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দেশটির আইনপ্রণেতারা জো বাইডেনের জয় অনুমোদন করার জন্য যখন বসেছিলেন তখন প্রক্রিয়াটি ভন্ডুল করতে সেখানে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। অভিযোগপত্রে ট্রাম্প ও তার সহযোগীরা করেছেন বলে অভিযোগ করে অনেকগুলো অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

এগুলোর মধ্যে, নির্বাচনে জালিয়াতি হয়েছে, আইনপ্রণেতাদের কাছে এমন মিথ্যা সাক্ষ্য দেওয়া ও অঙ্গরাজ্য কর্মকর্তাদের তাদের শপথ লঙ্ঘন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আহ্বান জানানোর অভিযোগ অন্যতম। ট্রাম্প অন্যায় কোনো কিছু করার কথা অস্বীকার করে নির্বাচিত ডেমোক্র্যাট উইলিস তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ এনেছেন বলে দাবি করেছেন। আগের তিনটি ফৌজদারি মামলায় এরইমধ্যে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ট্রাম্প।

একজন পর্ণ তারকাকে অর্থ দিয়ে মুখ বন্ধ রাখানোর সঙ্গে জড়িত থাকার ঘটনায় তার বিরুদ্ধে হওয়া নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মামলার বিচারকাজ শুরু হবে ২০২৪ সালের ২৫ মার্চ। রাষ্ট্রের গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রেখে দেওয়া ও তা গায়েব করার চেষ্টার মামলায় বিচারকাজ ফ্লোরিডায় শুরু হবে আগামী বছরের ২০ মে। এই দুটি মামলায়ই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অবৈধভাবে পাল্টে দেওয়ার চেষ্টা করার অভিযোগে ওয়াশিংটন ফেডারেল কোর্ট তাকে তৃতীয় আরেক ফৌজদারি মামলায় অভিযুক্ত করেছে। মামলার বিচার শুরুর তারিখ এখনও নির্ধারিত হয়নি। মামলায়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতায় ফেরার দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে তালিবান
পরবর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ড যুবলীগের সভা