ভোটের নামে হল হুন মানেটের রাজ্যাভিষেক

কম্বোডিয়ার নির্বাচন

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ছিল না শক্তিশালী কোনও বিরোধী পক্ষ। তাই গত রোববারের জাতীয় নির্বাচনে একতরফাভাবেই জিতে গেছে কম্বোডিয়ার ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। তবে বিরোধীরা একে নির্বাচন নয় বরং প্রধানমন্ত্রী হুন সেনের বড় ছেলে হুন মানেটের রাজ্যাভিষেক বলছেন।

তাদের এমনটা বলার কারণ রয়েছে। এবারের জাতীয় নির্বাচনে সিপিপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ১৭টি দল। কিন্তু সেগুলো এতই ক্ষুদ্র এবং অখ্যাত দল যে তাদের কারও পক্ষে, এমনকি সব দল একজোট হলেও সিপিপিকে চ্যালেঞ্জ করার সক্ষমতা ছিল না। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এ দলগুলো পার্লামেন্টে কোনো আসনে জেতেনি। একটি মাত্র বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টি, এ দলটিরই কেবল হুন সেনের দল সিপিপিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা ছিল। কিন্তু নানা কৌশল ও আইনের মারপ্যাচে ফেলে গত মে মাসে দলটিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।

৩৮ বছর ধরে কম্বোডিয়া শাসন করে আসছেন সাবেক খেমার রুজ গেরিলা হুন সেন। তার বয়স এখন ৭০ বছর। এই বয়সে দেশ পরিচালনা কষ্ট সাধ্য এবং অবশ্যই ঝুঁকিপূর্ণও বটে। এ কারণে গত বেশ কয়েকবছর ধরেই বড় ছেলে হুন মানেটের জন্য মঞ্চ প্রস্তুত করেছেন তিনি। এবারের নির্বাচনে জিতে হুন মানেটের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। যার মধ্য দিয়ে হুন পরিবারের হাতেই কম্বোডিয়ার ক্ষমতা থেকে যাওয়া নিশ্চিত হচ্ছে। ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ নির্বিঘ্নে সব বাধা অপসারণেও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। গত রোববার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিপিপি তাদের বড় বিজয়ের প্রত্যাশার কথা জানায়। ৮০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে। তবে কয়েকটি ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ ব্যালট নষ্ট হতে দেখা গেছে। যেহেতু যোগ্য কাউকে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই হয়ত ভোটাররা এভাবে ব্যালট নষ্ট করে প্রতিবাদ জানিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে হুন মানেট তার বাবার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলেছে। তাই অনেকে এটা নির্বাচন নয় বরং একে রাজ্যাভিষেক বলতে চাইছেন। স্বেচ্ছা নির্বাসনে থাকা দেশটির সাবেক মন্ত্রী এবং সিএনআরপি দলের সদস্য মু সোচুয়া বলেন, আমার মনে হয়, আমরা এমনকী এটিকে লজ্জাজনক নির্বাচন বলতেও পারব না। বরং আমরা এটিকে ‘বাছাই করা’ বলতে পারি, হুন সেনের জন্য, যিনি এটা নিশ্চিত করতে চেয়েছেন যে, তার দল যেন তার ছেলেকে কম্বোডিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়; যাতে হুন পরিবারের রাজত্ব অব্যাহত থাকে।

পূর্ববর্তী নিবন্ধচীনে স্কুলে নারী ভলিবল টিমের ওপর ছাদ ধসে পড়ে নিহত ১১
পরবর্তী নিবন্ধহাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদ গঠিত