ভোটের আগের দিন গতকাল ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল আটটার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নে সন্ত্রাসীদের ছোড়া গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় টহলে থাকা যৌথ বাহিনী সেদিকে ছুটলে সন্ত্রাসীরা পূর্বে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, কদলপুর ইউনিয়নের ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের সীমানায় শমসের পাড়ার কাছে সন্ত্রাসীরা গুলি ছোড়ে এই তাণ্ডব চালায়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা বিএনপি সমর্থক রুস্তুম আলী নামের স্থানীয় এক প্রবাসীর বাড়ির দিকে একের পর এক গুলি ছুড়তে শুরু করে। এই তাণ্ডব চলে আধঘণ্টা ধরে। প্রবাসী রুস্তুম আলী বিএনপির ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। এলাকার জনসাধারণ জানিয়েছেন, গুলির শব্দে রাস্তাঘাটে চলাচলে থাকা মানুষকে আতংকে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা যায়। অপর একটি সূত্র জানায়, পাহাড়ের কাছে ওই এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপ আধিপত্য ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বহুদিন থেকে সংঘর্ষ–সংঘাতে লিপ্ত রয়েছে।
সহকারী পুলিশ সুপার (রাউজান–রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনা স্বীকার করে বলেন, সেদিকে যৌথ বাহিনী যাচ্ছে শুনে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই নিয়ে কোনো পক্ষ অভিযোগও করেননি। নির্বাচনকালীন নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমাও একই কথা বলেন।











