কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা চলছে। এসব চেষ্টা প্রতিহত করতে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাই বাড়ি মাঠে আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে, যারা এ পরিকল্পনা করছেন আপনারা সাবধান হয়ে যান। উঠান বৈঠকে উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে যারা আছেন, আপনারা ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন।
এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার দরকার নেই; যারা জুলাই আন্দোলনে রাস্তা নেমে এসেছে তারাই ঠেকাবে।











