ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার দেশটিতে সফরের পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার এখনকার নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দশে দশ বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদেরকে ভেনেজুয়েলা সফর করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। খবর বিডিনিউজের।
তবে সময়সূচি বা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের (ডেলসি রদ্রিগেস) সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক। তেল নিয়ে রদ্রিগেসের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই মুহূর্তে ভেনেজুয়েলার সঙ্গে আমাদের সম্পর্ক আমি বলব দশে দশ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা ইতোমধ্যে তাদের স্বীকৃতি দিয়েছি এবং নিয়মিত যোগাযোগ রাখছি। তারা এখন সত্যিই ভাল কাজ করছে। তবে রদ্রিগেস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের অবস্থান বদলেছে কিনা সে বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। এর আগে গত মাসের শুরুর দিকে ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে বন্দি করেছে যুক্তরাষ্ট্র।











