অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে ১ লাখ ৯০ হাজার টাকা নেয়ার পথে তা হারিয়ে ফেলেন মো. রহিম উদ্দিন (৩০)। পরে পাঁচলাইশ থানা পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ একাধিক স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে কয়েক ঘণ্টার মধ্যে সিএনজি শনাক্ত করে মালিকের সঙ্গে যোগাযোগ করে ওই টাকা উদ্ধার করে বুঝিয়ে দেন রহিমকে। গতকাল বিকেলে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী মো. রহিমের হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তুলে দেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ও চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক।
এসময় পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মো. রহিম বলেন, টাকার হারানোর পর আমি একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর সিএনজিটির কোন হদিস না পেয়ে থানায় জিডি করি। পরে পুলিশ খুবই আন্তরিকতার সাথে অনুসন্ধান করে আমার টাকা ফিরিয়ে দিয়েছে। হারানো টাকা পুলিশ এত দ্রুত উদ্ধার করে দিতে পারবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি অনেক খুশি। একজন অসহায়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পুলিশ জানায়, টাকা নিয়ে গতকাল সকালে বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে সিএনজি অটোরিকশাযোগে মেডিকেল গেইটে পৌঁছান রহিম। তবে সিএনজি থেকে নামার সময় ভুলে ফেলে যান টাকা ভর্তি ব্যাগ। কিছুদূর পরে গিয়ে টাকার কথা মনে হলে পরে সিএনজিটির খোঁজ করেও না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বলেন, সিএনজি অটোরিকশা চালক শনাক্ত হওয়ার পর চালক টাকার বিষয়টি অস্বীকার করে। পরে চালকের বাসায় অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগে টাকা ও অন্য জিনিসিপত্র ছিল। টাকাসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সঙ্গে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ।










