দুই পা বিকল, এক হাতও অচল। এমন শারীরিক প্রতিবন্ধিতা নিয়েই দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন নগরীর খুলশীর বাসিন্দা নাদিম (৪০)। তবে কখনো হাল ছাড়েননি, ভিক্ষা না করে রাস্তার পাশে চকলেট–চিপস বিক্রি করে সংসার চালিয়ে এসেছেন তিনি। তবে তার স্বপ্ন ছিল একটি ‘ইলেক্টিক হুইল চেয়ারের’। অবশেষে সেটিও পূরণ হল। রবিবার (১৫ মার্চ) বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে মানবিক সংগঠন সার্ভ ফর স্মাইলের উদ্যোগে নাদিমকে দেওয়া হয়েছে একটি নতুন ইলেক্টিক হুইল চেয়ার। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ–সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক ও সার্ভ ফর স্মাইলের প্রেসিডেন্ট সাইফ উল্যাহ মনসুর, ওভেট’র মোহাম্মদ সোহেল প্রমুখ। বিজিএমইএ’র সহ–সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, নাদিম ভাইয়ের জন্য শুভ কামনা। তিনি যাতে সামনের দিনগুলোতে আরও ভালোকিছু দেখাতে পারে। প্রতিবন্ধী হয়েও নাদিম ভাই পরিশ্রম করে সংসার চালান, এটি প্রশংসনীয়। নাদিম মতো মানুষ আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। সমাজের বিত্তবানদের উচিত এমন উদ্যোগী মানুষদের পাশে দাঁড়ানো।
বিজিএমইএ’র পরিচালক সাইফ উল্যাহ মানসুর বলেন, নাদিম শারীরিক প্রতিবন্ধী হলেও সে ভিক্ষার মতো একটি পেশাকে বেচে নেয়নি। সে একটি ম্যানুয়েল বাইক দিয়ে স্কুলের বাচ্চাদের চকলেট–চিপস বিক্রি করতো। তার স্বপ্ন ছিল একটি ইলেক্ট্রিক হুইল চেয়ারের। আলহামদুলিল্লাহ আমাদের কানাডা প্রবাসী এক বন্ধুকে বলার সাথে সাথে সে এটি ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিবন্ধী হয়েও যে নিজে থেকে কিছু করতে চায় আমরা সার্ভ ফর স্মাইলের পক্ষ থেকে তার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। প্রেস বিজ্ঞপ্তি।












