ভাষা জাগে সকাল বেলায়
কিংবা পাখি রেখে যায় বর্ণমালা
গৃহ অভ্যন্তরে অনিঃশেষ
আমরা বদমেজাজী
বহু বর্ণের উপনিবেশবাদী
ছিটাই বর্ণবিদ্বেষ।
ভাষা আমার মুখের শিস
ভাষা বিনায়ক গুচ্ছবাগ
আলতো একটা চাপে
পাখির কূজনে লুপ্ত অনুরাগ।
নানার কোমল চাদরের ওমে
ভাষা ঘুমাত মায়ের কাছে
ভাঙাত বাবার অভিমান
যদি বুক ব্যথা না করে, পাছে।
আসলে বুঝেছি দীর্ঘ পরে
ভাষান্তরিত যা কিছু মাঠে – ঘাটে
বায়ান্নর সুমধুর স্বর
পাওয়া হয়নি কিছু নির্ঝঞ্ঝাটে।
ভাষা প্রতিদিন বাঁচে কুসুম কুসুম বৃক্ষে
বেলা ল’য়ে চলছে বাহন অন্তরীক্ষে।









