ভাষার মাসে শুধু ভাষার চর্চা নয়

লিপি তালুকদার | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

মায়ের কোল থেকেই বাংলা ভাষাকে বুঝতে শিখেছি। যখন বড় হচ্ছি তখন বইয়ের পাশাপাশি বাবা, মায়ের মুখ থেকে শুনেছি বাংলা ভাষাকে কীভাবে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে পেলাম। কত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষা। তখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একদিনের জন্য আয়োজন করা হতো বইমেলা ২১ শে ফেব্রুয়ারিতে। কত উৎসুক থাকতাম এই বইমেলার জন্য। বাবার হাত ধরে যেতাম আর নানা বই কিনতাম। আমার বড়ভাই নিতো সায়েন্স ফিকশনের বই আর আমি নিতাম বিভিন্ন ছড়া ও ছোটদের গল্পের বই।

বর্তমান সময়ে এই সুন্দর স্মৃতিগুলো বেশ মনে পড়ে। কারণ, আমি বড় হয়েছি মুক্তিযুদ্ধকে ধারণ করে, ভাষা শহীদের স্মরণ করে। বর্তমান সময়ে বেশ কিছু বিষয় অবাক লাগে। যেমন, পরিবারে ভাষাদিবসের আলোচনা, মুক্তিযুদ্ধের আলোচনা করা হয় না। যেমনটি আমরা শুনেছি আমার দিদার মুখে ভাতের টেবিলে, চায়ের আড্ডায়। এখন শুধু ভাষার মাস এলেই চারিদিকে বাংলা ভাষাকে নিয়ে নানা আয়োজন চলে। বিভিন্ন টিভি চ্যানেলে চলে বাংলা ভাষাকে নিয়ে বিজ্ঞাপন। কোনো কোনো সংগঠন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন জায়গায় চলে ভাষা দিবসের কবিতা আবৃত্তি। ভাষার মাসেই চলে বাংলা ভাষার চর্চা। বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, যে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার জন্য নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ হলো সেসকল ভাষা শহীদদের, শহীদ মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হবার নয়। তাঁরা শুধু বাংলা ভাষা নয় দিয়েছেন নতুন বাংলাদেশ, নতুন পতাকা, একটি স্বাধীন মানচিত্র। তাই এই বাংলা ভাষাকে শুধুমাত্র ভাষার মাসেই নয়, চর্চা থাকুক প্রতিমাসে, বছরজুড়ে।

পূর্ববর্তী নিবন্ধমানবসম্পদ উন্নয়নের আস্থার ঠিকানা: আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
পরবর্তী নিবন্ধআহ্‌লান সাহ্‌লান মাহে রামাদান