ভালো বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সুখী, সমৃদ্ধ এবং আরও ভালো বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে গতকাল প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তাদের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী খ্রিষ্টান সমপ্রদায়ের সাফল্য কামনা করেছেন।’ খবর বিডিনিউজের।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরে বলেছেন, ‘আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সকলকে ভালোবাসি একরকমভাবে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশটা সবার। আসুন দেশটাকে গড়ার লক্ষ্যে সকল ধর্মের মানুষ, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, ধর্মবর্ণ নির্বিশেষ সকলকে সুখী, সমৃদ্ধ একটা বেটার বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে, এই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।’ নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘একটা কথা প্রচলিত ছিল যে, অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে। বিএনপিকে সব ধরনের মানুষ ভোট দিয়ে জয়ী করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন দেশের ভঙ্গুর দশা ছিল। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগ খাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টরে যে অবস্থা বিরাজ করছিল মনে হয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।’ যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবিলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধীদল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা