ভালোবাসা নয়, অবহেলা

রূপক কুমার রক্ষিত | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

উদাসীন গোধূলিবেলায়

সমগ্র হৃদয় মণ্ডল জুড়ে অনুভব হয়

প্রণয় কাতর নীরব ব্যথার স্তব্ধ প্রতিচ্ছবি।

মেঘ ছেড়া স্বচ্ছ জ্যোৎস্না,

রাতের তীব্রতা ছিড়ে,

প্রাণহীন ছুঁয়ে যায়

একান্ত ক্রমাগত নিরাশায়

পুঞ্জীভূত বিষণ্নতার ভেলা।

এ কোন বসন্তের

পলাশশিমুল রাঙানো প্রেমের দরজায়

নান্দনিক কড়া নাড়া নয়,

বিনিদ্র জমে থাকা, নিমগ্ন ভালোবাসা নয়।

অথবা সহজে কোন অনুরাগে,

প্রেমতুষ্ট খেয়ালী আবেগে

বিনয়ে বা অবিনয়ে,

নয় অকস্মাৎ ভালোবেসে ফেলা।

অতি আকস্মিকতায় দেখি,

বুকের পাঁজরে জমে থাকা স্বপ্ন

নিসঙ্গ একা অশ্রুপাত করে,

অপ্রাপ্তির অসহায় দু:খগাথা

নিপুণ স্বরলিপির সুরে ভেসে বেড়ায়

ভালোবাসার আলিঙ্গনহীন

অনাকাঙ্ক্ষিত অবহেলা।

পূর্ববর্তী নিবন্ধশক্তির রাজনীতি ও আগ্রাসনের ছায়া
পরবর্তী নিবন্ধমাদকাসক্তি, নিউরো সিস্টেম এবং হঠাৎ পরিবর্তনের প্রশ্ন