সূর্যমুখী ফুলের হাসিতে আলোকিত হয়েছিল পুরো বিল। ফুলের সৌন্দর্য উপভোগ করতে ক্ষেতে সকাল–বিকাল ভিড় করত এলাকার ফুলপ্রেমিরা। কিন্তু ভালোবাসার সেই ফুলের সাথেও ঘটেছে শত্রুতা। রাতের অন্ধকারের কেটে দিয়েছে ১০ শতক জমির সবকটি ফুলের গাছ। ধারণা করা হচ্ছে ফুল ছিঁড়তে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বটতল হিন্দু পাড়া সংলগ্ন মাহালিয়া বিলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম জানান, আমি উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় জীবনে প্রথম সূর্যমুখী চাষ করেছি। গাছে ফুল আসার পর কিছু তরুণ ক্ষেতে এসে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এরপর থেকে আশেপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী–পুরুষ ও শিশুরা ক্ষেতে ভিড় করতে থাকেন। প্রতিদিন অনেক মানুষ ছবি ও ভিডিও ধারণ করার জন্য আমার ক্ষেতে আসতেন। তারা ফুল ছেঁড়ার পাশাপাশি গাছ নষ্ট করত। এছাড়াও তাদের অবাধ চলাচলের কারণে আমার আশেপাশের অনেক কৃষকের সবজির ক্ষেত নষ্ট হয়। ফলে তারা মাঝেমধ্যে আমাকে নালিশ দিত। শনিবার আমি রাগান্বিত হয়ে কয়েকজন তরুণ–তরুণীকে ফুল ছিঁড়তে এবং আমার পার্শ্ববর্তী কৃষকদের সবজি ক্ষেত নষ্ট না করার জন্য বলেছিলাম। কিন্তু সকালে এসে দেখি আমার ক্ষেতের সবগুলো গাছ কেটে দিয়েছে। মনে হচ্ছে–ফুল ছিঁড়তে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার সর্বনাশ করেছে।
একই এলাকার কৃষক শওকত আলী ও বিপ্লব বিশ্বাস জানান, জমিতে বীজ বপনের পর থেকে গাছে ফুল আসা পর্যন্ত নুরুল ইসলাম অনেক পরিশ্রম করেছেন। ফুলগুলো আর কয়েকদিন পরেই সংগ্রহ করার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সবগুলো গাছ কেটে দিয়েছে। যারা এমন ক্ষতি করেছে, তাদের উদ্দেশ্যে বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং কৃষি অফিসকে ক্ষতিগ্রস্ত নুরুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বাজালিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আমাদের একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা ক্ষেতটি পরিদর্শন করেছেন। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকব এবং পুনরায় প্রণোদনা দিব। এছাড়াও তাকে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মন্জুরুল হক জানান, এ ধরনের কোন অভিযোগ আমরা পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।












