সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে ভারত মহাসাগরে ইরানের অন্যতম নতুন যুদ্ধজাহাজ আইআরআইএস দেনার ওপর হামলায় ১০৪ জন নাবিক নিহত হওয়ার ঘটনা জবাবহীন থাকবে না বলে হুশিয়ার করেছেন দেশটির সেনা প্রধান আমির হাতামি। খবর বাংলানিউজের।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ–কে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, দেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ফিরছিলেন এবং ইরানে ফেরার পথে তাদের লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, নাবিকরা সরাসরি কোনো যুদ্ধে জড়িত না থাকা সত্ত্বেও তাদের ওপর হামলা চালানো হয়েছে। আমির হাতামি বলেন, আইআরআইএস দেনা নামটি এবং এর নাবিকদের আত্মত্যাগ ইরানের নৌ–ইতিহাসে সাহস ও নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে। ইরানের সমুদ্র সীমান্ত রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও দৃঢ় সংকল্প নিয়ে নৌ–ক্ষমতা শক্তিশালী করা হবে। গত ৪ মার্চ টর্পেডো–তে হামলা চালিয়ে ভারত মহাসাগরে মহড়া শেষে দেশে ফেরার পথে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।












