নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার দায়ে সৈয়দ মুজিবুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে হাটহাজারীর মাদার্শা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মুজিবুল হক বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। সাজ্জাদের হয়ে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিতে জড়িত তিনি। চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলিবর্ষণের ঘটনায় মজিবুল হকও জড়িত বলে দাবি র্যাবের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী মুখোশধারীরা বাসার পাশে এসে রাস্তা থেকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকে। ওই সময় বাসায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যরা থাকলেও হতাহত হননি।
র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসাইন জানান, স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামি মুজিবুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় গুলি করে সন্ত্রাসীরা। মোস্তাফিজুর রহমানের ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। অন্যদিকে গত ১ জানুয়ারি প্রথম দফায় মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি করে সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে যায়।












