বড় সাজ্জাদের ভাগ্নে আলভিন গ্রেপ্তার

বাবলা হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগরের আলোচিত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলার আসামি মো. আলভিনকে (৩১) গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যার দিকে চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। ধৃত আলভিন সিএমপির তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের ভাগ্নে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, আলভিন বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় পূর্বে সংঘটিত বিভিন্ন খুন খারাবিতেও সে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ রয়েছে।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ (বর্তমান এমপি) নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় সরোয়ার হোসেন বাবলাসহ নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। গণসংযোগ চলাকালে সন্ত্রাসী মো. সাজ্জাদের (বড় সাজ্জাদ) পরিকল্পনা ও নির্দেশনায় একদল সশস্ত্র ব্যক্তি সরোয়ার হোসেন বাবলাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করা হয় আলভিনকে।

উল্লেখ্য, নিহত বাবলার বিরুদ্ধেও নগরের বিভিন্ন থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির প্রশ্নে তেহরানের না, নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার