ঢাকার গুলশানে ‘ঘুষ হিসেবে’ একটি ফ্ল্যাট গ্রহণের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ‘রেড নোটিশ’ জারির পদক্ষেপ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, হস্তান্তরযোগ্য নয়–এমন একটি প্লটে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে বহুতল ভবন বানিয়ে ফ্ল্যাট আকারে বিক্রির সুযোগ করে দেন টিউলিপ সিদ্দিক। এর বিনিময়ে আবাসন কোম্পানিটির কাছ থেকে একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নেন এ ব্রিটিশ এমপি। এ ঘটনায় মামলা দায়ের করার আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণদি ও আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। এজন্য তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে ইতোমধ্যে দেশত্যাগ করায় তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারি করা প্রয়োজন। খবর বিডিনিউজের।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা–১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।











