ক্যারিয়ারে আগের ৪৪ ইনিংসে কখনও পাঁচ উইকেটই ছিল না লরা কার্দোসোর। সেই তিনি এবার এক ইনিংসেই নিলেন ৯ উইকেট। আর তাতেই গড়লেন বিশ্ব রেকর্ড। বিসিএ কালাহারি উইমেন’স টি–টোয়েন্টি টুর্নামেন্টে বৃহস্পতিবার লেসোথোর বিপক্ষে তিন ওভারে স্রেফ ৪ রানে ৯ উইকেট শিকার করেন ব্রাজিলের কার্দোসো। ছেলে কিংবা মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই স্বাদ পেলেন ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। এক পর্যায়ে হ্যাটট্রিকসহ সাত বলের মধ্যে ৬ উইকেট নেন তিনি। প্রথম দুই ওভারে কোনো রান না দিয়ে নেন ৭ উইকেট। নারী–পুরুষ মিলিয়ে আগের সেরা বোলিং ছিল ভুটানের সোনাম ইয়েশের। ২০২৫ সালে পুরুষদের টি–টোয়েন্টিতে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। মেয়েদের টি–টোয়েন্টিতে আগের রেকর্ড ছিল ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার রোহমালিয়ার শূন্য রানে ৭ উইকেট। বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে ২০ ওভারে ব্রাজিলের ২০২ রানের জবাবে ব্যাটিংয়ে নামে লেসোথো। দ্বিতীয় ওভারে বোলিং পেয়ে শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কার্দোসো। নিজের পরের ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে আরেকটি হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগানে তিনি। সেটা না হলেও আরও দুটি শিকার ধরেন চতুর্থ ও শেষ বলে। কার্দোসোর বোলিং ফিগার তখন ২–২–০–৭! টানা স্পেলে তৃতীয় ওভারে তিনি দুই উইকেট নেন তৃতীয় ও পঞ্চম বলে। তিনটি ওয়াইড ও সিঙ্গল মিলে এই ওভারে দেন ৪ রান। পরের ওভারে শেষ উইকেটটি নিয়ে ম্যাচ শেষ করে দেন মারিয়ানে আর্তুর। ৬.২ ওভারে স্রেফ ১৩ রানে অলআউট হয় লেসোথো। এই সংস্করণে আফ্রিকার দেশটির সর্বনিম্ন স্কোর এটি। উইমেন’স টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড যথাক্রমে মালদ্বীপ ও মালির, ৬ রান।













