এ বছরের ব্যালন ডি’অরের তালিকায় ফেবারিট হিসেবে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও আর্লিং হালান্ড। নারী বিভাগে বিশ্বকাপ জয়ী এইতানা বোনমাতি তালিকায় অন্যতম ফেবারিট হিসেবে জায়গা করে নিয়েছেন। সমপ্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। গত বছর কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে নেতৃত্ব দানকারী মেসি রেকর্ড অষ্টমবারের মত ব্যালন ডি’ অর জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। বর্তমান বিজয়ী করিম বেনজেমার স্থানে মেসিকে দেখার সম্ভাবনাই বেশি। যদিও চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপসহ ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী এবং ৫৩ ম্যাচে ৫২ গোল করে মেসির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে হালান্ডও শেষ মুহূর্তে মর্যাদারকর এই পুুরষ্কারের অন্যতম দাবীদার হয়ে উঠতে পারেন। গত সপ্তাহে নরওয়ের এই তরুন গত মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। আগামী ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।












