চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ নির্বাচনে কেউ ব্যালট বক্স নিয়ে যেতে পারবে না, ব্যালট পেপারে সিল দিয়ে বঙ ভরিয়ে দেওয়ার সুযোগও থাকবে না। কেবলমাত্র যোগ্য ভোটাররাই ব্যালট পেপারে সিল দেবেন।
গতকাল শুক্রবার বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিজাইডিং অফিসারদের তিনি বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা দুইভাবে হতে পারে–একটি বাইরে থেকে, অন্যটি ভেতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের, আর ভেতরের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। ভেতর থেকে সমস্যা হলে তা আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে, যা মূলত মিস ম্যানেজমেন্টের ফল। তাই সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের কাছে সব ধরনের ক্ষমতা রয়েছে।
বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, বিগত দিনের নির্বাচন কেমন হয়েছে তা আপনারা দেখেছেন। এবারের পরিবেশ ভিন্ন ধরনের। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতা ঘটেনি–এর কৃতিত্ব জনগণ ও রাজনৈতিক দলগুলোর, যাদের সংযম আমরা দেখেছি।
সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এদিন ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।












