বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে গভীর রাতে অগ্নিকাণ্ডে গ্যারেজে রাখা একটি ব্যাটারি রিকশা পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া খতিমা পুকুর সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পারিবার সূত্রে জানা যায়, একই এলাকার মৃত গোলাম বাচুরের পুত্র মো. ওসমান সওদাগরের বাড়ির গ্যারেজে প্রতিদিনের মতো রিকশাটি রাখা হয়েছিল। রাত গভীর হলে হঠাৎ গ্যারেজে আগুনের শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যারেজে থাকা ব্যাটারি রিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রিকশার টায়ারের মধ্যে তেল বা ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের প্রায় এক ঘণ্টা সময় লাগে। রাত ৪টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়। ঘটনায় গ্যারেজে রাখা সিকান্দারের রিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া গ্যারেজে থাকা বিভিন্ন সরঞ্জামও পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।ব্যবসায়ী মো. ওসমান সওদাগর দাবি করেন, এটি কোনো দুর্ঘটনা নয়, শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।












