ব্যাংক লুটেরাই এখন বিএনপিতে রাজত্ব করছে : কর্ণেল অলি

বাঁশখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৫ অপরাহ্ণ

এলডিপির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের শীর্ষনেতা ড. কর্ণেল অলি আহমদ বলেছেন, ব্যাংক লুটেরাই এখন বিএনপিতে রাজত্ব করছে, আমিও বিএনপিতে ছিলাম তাদের এসব কারণে ত্যাগ করে চলে এসেছি।

তিনি রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১ দলীয় জোট জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটেরাদের বয়কট করে ১১দলীয় মনোনীত সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে।

সভায় প্রধান আলোচকের বক্তৃতায় সাবেক সাংসদ ও চট্টগ্রাম-১৫ সাতকানিয়া, লোহাগড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, আমি মোরাকাবায় বসেছিলাম, আমার মনে হল আগামী দিনে দাঁড়িপাল্লা নিয়ে বাঁশখালীর জহিরুল ইসলাম এমপি হয়ে সংসদে যাবেন।

উনার (জহিরুল ইসলাম) বক্তব্য শুনে মনে হল তিনি রাষ্ট্রপতি হিসেবে সংসদে বক্তব্য দিচ্ছেন। তিনি আরো বলেন, রতনে রতন ছিনে বলেই শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহচর কর্ণেল অলি আহমেদ ও এনসিপি নেতারা আজ জামায়াতে ইসলামীর সাথে। তিনি একটি ইসলামী দলের সমালোচনার জবাবে বলেন, আমরা নাকি মদিনার ইসলাম নই, সমস্যা নেই আমরা মক্কার ইসলাম। হজ্জ করতে গেলে মক্কায় না গেলে হজ্জ কবুল হবেনা।

তিনি বলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান, মাওলানা মামুমুলহক, নেজামে ইসলাম পাাটির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার জমায়েতের সাথে। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে জামায়াত আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, বাঁশখালী থেকে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল ও সেক্রেটারি আরিফুল্লাহ এবং
জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট আবু নাছেরের যৌথ সঞ্চালনায় সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকসহ জেলা উপজেলার জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টি দেশের কল্যাণে মানুষের কল্যাণে রাজনীতি করে
পরবর্তী নিবন্ধসারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে