ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩ হাজার ১৮৫ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ২ মামলা

এস আলম গ্রুপের সাইফুল আলম, তার চার ভাই ও জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৬৮ জন আসামি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩ হাজার ১৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের সাইফুল আলম, তার চার ভাই ও জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৬৮ জনের নামে পৃথক দুটি মামলা করেছে দুদক। গতকাল দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলা দুটি দায়ের করেন। একটি মামলায় সাইফুল আলম, তার চার ভাই ও জনতা ব্যাংকের বিভিন্ন স্থরের কর্মকর্তাসহ ৩৬ জনকে এবং অপর মামলাটিতে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক ও জনতা ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ ৩২ জনকে আসামি করা হয়।

সাইফুল আলমসহ ৩৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালের ২৫ অগাস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে কোভিড প্রণোদনা, এলটিআর লোনসহ বিভিন্ন উপায়ে ঋণ নিয়ে সুদে আসলে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা আত্মসাৎ করেছেন ও আত্মসাতে সহযোগিতা করেছেন। মামলার আসামিদের মধ্যে আছেনএস আলম গ্রুপের কর্ণধার ও এস আলম রিফাইন্ডের এমডি সাইফুল আলম, তার চার ভাই যথাক্রমে এস আলম রিফাইন্ডের পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের এমডি রাশেদুল আলম, সোনালী ট্রেডার্সের প্রোপাইটর শহিদুল আলম ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের পরিচালক ওসমান গণি। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেনগ্লোবাল ট্রেডিং এর পরিচালক ও ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, জনতা ব্যাংকের নগরীর সাধারণ বিমা কর্পোরেট শাখার সাবেক উপমহাব্যবস্থাপক মো. সিরাজুল করিম মজুমদার, সাবেক উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান আবুল মনসুর ও আগ্রাবাদ বিভাগীয় কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক কামরুল আহছান।

৩২ জনের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলার এজহারে বলা হয়, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ বিভিন্ন ভাবে ঋণ নিয়ে সুদে আসলে ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাৎ ও আত্মসাতে সহযোগিতা করেছেন আসামিরা।

এ মামলার আসামিদের মধ্যে আছেনএস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক শাহানা ফেরদৌস, এস আলম রিফাইন্ডের এমডি মিসকাত আহমেদ ও কমোডিটি ইন্নসপেকশন সার্ভিসেস লিমিটেডের খন্দকার জহিরুল হক। বাকী ২৯ জন জনতা ব্যাংকের বিভিন্ন স্থরের কর্মকর্তা। এরমধ্যে ব্যাংকটির সাধারণ বিমা কর্পোরেট শাখার উপব্যবস্থাপক মো. সিরাজুল করিম মজুমদার ও সাবেক উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান আবুল মনছুর এবং আগ্রাবাদ বিভাগীয় কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক কামরুল আহছান রয়েছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপাচারের অর্থ পুনরুদ্ধারে দেশে-বিদেশে ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত থেকে ৬০টি অস্থায়ী দোকান উচ্ছেদ