ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চেম্বার নির্বাচন গুরুত্বপূর্ণৎ

ইউনাইটেড বিজনেস ফোরামের সভায় বক্তারা

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে ইউনাইটেড বিজনেস ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নগরীর একটি বাসভবনে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল চট্টগ্রাম চেম্বার। ওই সময়ে একক আধিপত্যের কারণে সাধারণ ব্যবসায়ীদের যেমন কোনো উন্নতি হয়নি, তেমনি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রমও চালাতে পারেননি ব্যবসায়ীরা। এসব কারণে ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চেম্বারের নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু হলে চেম্বারে আবারও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবসময় কাজ করছে ইউনাইটেড বিজনেস ফোরাম। বক্তারা আরও বলেন, একটি গ্রুপ নানা কৌশলে এই এতিহ্যবাহী সংগঠনের নির্বাচনকে বারবার বাধাগ্রস্ত করছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শতবর্ষী চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দিতে।

এ সময় উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপের মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান, শহিদুল আলম। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ছিলেন সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, আক্তার পারভেজ হিরো প্রমুখ। উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরমজানের শিক্ষা প্রকৃত মানুষ হতে সহায়ক
পরবর্তী নিবন্ধবনমোরগ জব্দ করে দেশি মোরগ অবমুক্ত করলেন রেঞ্জ কর্মকর্তা