বোয়ালখালীতে রিকশাচালককে হামলার ঘটনায় গ্রেপ্তার ১

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ব্যাটারি রিকশাচালক আবদুল নবীকে (৫০) হামলার ঘটনায় রিগ্যান বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিগ্যান বিশ্বাস উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বৈদ্যবাড়ির স্বপন বিশ্বাসের ছেলে।

বোয়ালখালী থানার এসআই নিংওয়াই মারমা বলেন, হামলার পর অভিযুক্ত ব্যক্তি চরণদ্বীপ এলাকায় ব্যাটারিচালিত রিকশাটি ফেলে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তিনি আরও বলেন, শুক্রবার রাতে নগরীর মোগলটুলি এলাকায় অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে রিগ্যান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক আত্মীয়ের বাসা থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার আবদুল নবীর স্ত্রী রোজী আক্তার বাদী হয়ে রিগ্যান বিশ্বাসকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেন।

গুরুতর আহত আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মালয়েশিয়াগামী নৌকা থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু