মানবসেবা ও সমাজকল্যাণের অঙ্গীকারকে ধারণ করে বোয়ালখালীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)। গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় বছরব্যাপী মানবকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে এবং সৈয়দুল হক ট্রাস্টের ব্যবস্থাপনায় চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে কর্মসূচিতে সর্বমোট ৩৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে রেড ক্রিসেন্ট সোসাইটি–চট্টগ্রাম, মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও চরণদ্বীপ দায়রা শাখা। সংশ্লিষ্টরা জানান, সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় ব্যবহৃত হবে। আসন্ন রমজানে দেশে রক্তের সংকট মোকাবিলায় গত এক মাসে মোট ১৭৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সৈয়দুল হক খান (ভার্চুয়াল), চট্টগ্রাম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মুহাম্মদ মিসবাহ উদ্দীন, সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ। উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ আবদুল কাদের জাবেদ প্রমুখ। প্রধান অতিথি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, মানবকল্যাণ অন্যতম ইবাদত। মানুষের দুঃখ লাঘবের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। গাউছুল আজম মাইজভাণ্ডারীর মানবকল্যাণের শিক্ষা সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও আত্মত্যাগের চর্চা জাগ্রত করে। বক্তারা বলেন, একজন রক্তদাতার এক ব্যাগ রক্ত একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে পারে–এটি শুধু দান নয়, এটি মানবতার শ্রেষ্ঠ প্রকাশ। বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজার কারণে স্বেচ্ছায় রক্তদানের হার কমে যাওয়ায় দেশে রক্তের ঘাটতি দেখা দেয়। এমন সময়ে এই উদ্যোগ জরুরি অপারেশন, দুর্ঘটনাজনিত রোগী, প্রসূতি মা এবং থ্যালাসেমিয়াসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। আয়োজকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের মানবসেবামূলক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










