বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চুরির অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া এলাকায় আমিন মেম্বার বাড়ির শেখ শহীদুল আলমের ঘরে চুরির এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তারা নগরীর বাসায় অবস্থান করছিলেন। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়িতে এসে তারা ঘরের জানালার গ্লাস ভাঙা, গ্রিল কাটা এবং পেছনের দরজা খোলা দেখতে পান। শহীদুল আলমের বোন শাহীন আকতার বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘর থেকে মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী ও ফিটিংস, আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। তিনি আরও বলেন, নতুন ঘরটিতে সমপ্রতি বাথরুম ফিটিংস ও আধুনিক সরঞ্জাম বসানোর কাজ চলছিল। চোরেরা বাথরুমের কমোডসহ বিভিন্ন সরঞ্জামও খুলে নিয়ে গেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












