বোয়ালখালীতে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অস্ত্রসহ মো. সাইফুল আলম (৫৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে ১টি শটগান, ২টি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় সেনাবাহিনী। গ্রেপ্তার সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের আব্দুল হকের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। আটক সাইফুলকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আটক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগে কোনো অস্ত্রের মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের কোনো মামলা পাইনি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রকে একটি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে
পরবর্তী নিবন্ধকাট্টলি নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ