বোয়ালখালীতে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৩:১৮ অপরাহ্ণ

বোয়ালখালীতে অস্ত্রসহ মো. সাইফুল আলম (৫৬) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে ১টি শটগান, ২টি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সেনাবাহিনী। সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে বলে জানা যায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। আটক সাইফুলকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগে কোন অস্ত্রের মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আগের কোন মামলা পাইনি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা